রোজদিন ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবার হাইকোর্টে বিস্ফোরক দাবি করল মৃতের পরিবারের। তাদের অভিযোগ গোটা ঘটনা ধামাচাপা দিতে অভয়ার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে টাকার বিনিময়ে মামলা প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল। এদিন, কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। অভয়ার পরিবারের তরফে সেখানেই এই অভিযোগের কথা জানান তাঁরা। মৃতার মা রত্না দেবনাথের দাবি, ঘটনার দিন আমরা প্রায় ঘণ্টাদুয়েক টালা থানায় বসেছিলাম। দ্বিতীয়বার মেয়ের ময়নাতদন্ত করানোর চেষ্টা করছিলাম। সেই ফাঁকে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে-রা গ্রিন করিডর করে কেন মেয়েকে নিয়ে চলে গেল? তৎকালীন ডিসি নর্থ চলে যাওয়ার পরই তাদের আত্মীয়দের সামনেই অভয়ার বাবাকে টাকা নেওয়ার জন্য চাপ দেন নির্মল ঘোষ। একটি ঘরে নিয়ে গিয়ে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। সিবিআইয়ের বিরুদ্ধেও এদিন বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভয়ার মা। বলেন, এটা সিবিআই শুনতে চায়নি। অথচ প্রথম থেকে আমরা এটা বলে আসছি। এদিন এই সংক্রান্ত মামলায় বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে রুদ্ধদ্বার শুনানিতে আরও একবার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেই খবর। তবে এদিন অভয়ার বাবা ও মা’র কোনও গোপন জবানবন্দি নেওয়া হয়নি। তার প্রেক্ষিতে খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তদন্তকারী অফিসারকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।

Be the first to comment