রোজদিন ডেস্ক : বিহার নির্বাচনে জয়ী হলে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কংগ্রেস-RJD-র ঐক্য মত্য এখন দূর অস্ত? লালুপ্রসাদ পুত্র তেজস্বী যাদব ইতিমধ্যেই নানাভাবে নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরলেও জোট শরিক কংগ্রেস এখন অবধি তা নিয়ে মুখ খোলেনি। পরন্তু আজ পাটনায় কংগ্রেসের গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত একাধিক নেতাই এই বিষয়ে কোন মন্তব্য করেননি। নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, নির্বাচনের পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে রাহুল গান্ধী ঘনিষ্ঠ মহলে ইংগিত দিয়েছেন।
আজ প্রচার মাধ্যমকে রাহুল গান্ধী বলেন, আরজেডি-র সঙ্গে তাঁদের খুবই হৃদ্য সম্পর্ক। পারস্পরিক বন্ধনও অটুট। তবে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়ে কিছু বলেননি তিনি।
মহিলা কংগ্রেস নেত্রী অলকা লাম্বা জানান, নির্বাচনের পরই তা ঠিক হবে।
প্রসঙ্গত, বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় সামিল হয়েছিলেন তেজস্বী যাদবও। দুই নেতার পারস্পরিক হৃদ্যতা, সমঝোতার কথা ও বারবার সামনে এসেছে।
বিজেপি অবশ্য ইতিমধ্যেই কংগ্রেসের সংগে আরজেডি-র সম্পর্কে ফাটল ধরেছে বলে নানা ধরনের মন্তব্য করেছে।
পাটনায় রাহুল গান্ধী আজ ফের বলেছেন, ভোট চুরি নিয়ে এক মাসের মধ্যে তিনি বড় মাপের বোমা ফাটাবেন।
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে আরজেডি-র সংগে আসন সমঝোতা নিয়ে ও কংগ্রেস কর্মসমিতির বৈঠকে আলোচনা চলছে বলে জানা গেছে।

Be the first to comment