প্রতিবেদন: “আমি পিছিয়েও যাচ্ছি না। হালও ছাড়ছি না। এর শেষ দেখে ছাড়বো। আমি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি। আগামী সপ্তাহেই আবেদন করবো। মঙ্গলবার সন্ধেয় এই ভাষাতেই তাঁর মনোভাব বুঝিয়ে দিলেন মেসি ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি লড়াই থেকে তিনি যে এক ইঞ্চিও সরে আসতে নারাজ তা স্পষ্ট করে দিয়েছেন নাছোড় শতদ্রু। এর আগে এদিন যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল ও ভাঙচুর সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট অরূপ বিশ্বাসকে ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার নির্দেশ জারি করে। ফলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অরূপের বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা বললেন শতদ্রু। এদিকে হাইকোর্টের সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এদিন তাঁর রক্ষাকবচের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। মেসি-কাণ্ডে তাঁকে আগেই ১৭ অগাস্ট পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিল আদালত। এদিন তার মেয়াদ আরও বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Be the first to comment