প্রতিবেদন: বারবার ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। গত ৩ জুন থেকে বেশ কয়েকবার এই ধরনের ফোন পেয়েছেন তিনি। প্রথম দিকে বিষয়টিতে গুরুত্ব না দিলেও এখন কিছুটা চিন্তিত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। খোঁজ নিয়ে দেখেছেন অধিকাংশ ফোনগুলি এসেছে বাংলাদেশের বিভিন্ন নম্বর থেকে। এরপরই মঙ্গলবার বিকেলে ভবানী ভবনে গিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দায়ের করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তাঁর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন, বলেই জানান বিরোধী দলনেতা। প্রথমদিকে তিনি এই ফোনকলগুলিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু আগামী কয়েকদিনে হুমকি-ফোনের সংখ্যা বাড়তে থাকে। তাই বাধ্য হয়েই রাজ্য পুলিশের শীর্ষকর্তাকে গোটা ঘটনা জানানোর সিদ্ধান্ত নেন তিনি। ইতিমধ্যে যে সমস্ত নম্বর থেকে হুমকি ফোনগুলি এসেছে, সেগুলি নিয়ে খোঁজখবর শুরু করেছে ভবানী ভবন। সূত্রের খবর, নিজের বিধানসভা কেন্দ্র থেকে নিয়ে অন্য জায়গাতেও সতর্ক থাকতে ও পুলিশি নিরাপত্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে।

Be the first to comment