রোজদিন ডেস্ক : তফসিলি উপজাতি (SC/ ST) শংসাপত্র দেওয়ার বিষয়ে এবার সাবধানে এগোতে চায় রাজ্য সরকার। শুধুমাত্র যোগ্যদেরই এই শংসাপত্র দেওয়া হবে, অযোগ্যরা যেন কোন ভাবেই তা না পায়, এই নিয়ে সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
প্রসঙ্গত জাতিগত শংসাপত্র দেওয়া নিয়েও বিস্তর দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্য। যা গড়িয়েছে আদালতেও। এখন থেকে কোনভাবেই এই ক্ষেত্রে যাতে কোন অনিয়ম না হয়, সেই বিষয়ে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অনগ্রসর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প, বিষয় নিয়ে কাল উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি।
পরে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, এই ক্ষেত্রে ২০১০-১১ সালে ব্যয় বরাদ্দ ছিল ১৬০ কোটি টাকা, চলতি আর্থিক বছরে তা বৃদ্ধি পেয়ে ১৭৬১ কোটি টাকা হয়েছে। শংসাপত্র আগে যেখানে দিতে আট সপ্তাহ লাগতো, এখন চার সপ্তাহের মধ্যে তা দেওয়া হচ্ছে।
অনগ্রসর জাতির সার্বিক উন্নয়নে তাঁর সরকার অনেক কাজ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিক্ষাশ্রী প্রকল্পে পড়ুয়ারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণি অবধি বছরে ৮০০ টাকা পায়। এই ছাড়া ও তাঁদের সাইকেল-সহ নানা বিষয়ে সহায়তা করে রাজ্য।
নবান্ন সূত্রে প্রকাশ, বৈঠকে মতুয়া নেত্রী তথা সাংসদ মমতাবালা ঠাকুর জানান, গত দেড় বছর ধরে মতুয়া উন্নয়ন পর্ষদ এর কাজ হচ্ছে না, বাগদায় বি আর আম্বেদকরের নামে ইংরেজিমাধ্যম বিদ্যালয়ও চালু হয়নি, এই সব নিয়ে ব্যবস্থা নিতে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন।
উল্লেখ্য, মতুয়া সম্প্রদায় শাসক দলের গুরুত্বপূর্ণ ভোট ব্যাঙ্ক হলেও বিজেপি এতে থাবা বসিয়েছে, কংগ্রেসও প্রভাব বাড়াচ্ছে বলে খবর। আগামী বছর বিধানসভা নির্বাচনে সব রাজনৈতিক দলেরই এই দিকে নজর আছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরও দাবি, তাঁরা কোন ভেদাভেদ করেন না, মানবিক ভাবে সব কাজ করেন। রাজ্যের সব মানুষের পাশেই তাঁরা সব সময় আছেন, থাকবেনও।

Be the first to comment