পিয়ালী আচার্য:
Sea vigil 2026 ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে পরিচালিত একটি সর্বভারতীয় উপকূলীয় প্রতিরক্ষা মহড়া। এই মহড়ার দুটি পর্যায়। প্রথম পর্যায়ে সিডিএসআরই অর্থাৎ কোস্টাল ডিফেন্স এন্ড সিকিউরিটি রেডিনেস ইভালুয়েশন। ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই পর্যায়ে উপকূলীয় থানাগুলির নিরাপত্তা ও প্রস্তুতি মাছ ধরার বন্দরের সুরক্ষা, গুরুত্বপূর্ণ বন্দরের নিরাপত্তা, উপকূলীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে যোগাযোগ ও সমন্বয় সন্দেহজনক নৌযান ও অনুপ্রবেশ মোকাবিলার প্রস্তুতি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দ্বিতীয় পর্যায়ে ১৮ ও ১৯ নভেম্বর সমুদ্রে সরাসরি মহড়ার কথা ছিল। সি ভিজিলের এই দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ ট্যাকটিক্যাল ফেজ এর সময় পরিবর্তন করা হলো। ১৮ ও ১৯ নভেম্বরের পরিবর্তে এটি হবে ২৫ ও ২৬ নভেম্বর।

এই দ্বিতীয় পর্যায়ের সমুদ্রের সরাসরি মহড়া অংশ নেবে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্ট গার্ড, কোস্টাল সিকিউরিটি পুলিশ, কাস্টমস, মৎস্য দপ্তর, বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থা। কেন্দ্রীয় ৬টি দপ্তর যেমন প্রতিরক্ষা, বন্দর জাহাজ ও জলপথ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং মৎস্য পশুপালন ও দুগ্ধ শিল্প মন্ত্র এই মহড়ায় অংশগ্রহণ করছে।

দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভান অবস্থান করায় এবং তার গতিপথ উত্তর অন্ধপ্রদেশে থাকার পূর্বাভাস পাওয়ায় সি ভিজিলের ট্যাকটিক্যাল ফেজ এর দিন পরিবর্তন করা হচ্ছে। তবে বিএসএফের সঙ্গে যৌথ মক ড্রিল পূর্ব নির্ধারিত দিন অর্থাৎ ১৮ই নভেম্বর হবে এবং এনএসজির সঙ্গে যৌথ মক ড্রিল ১৯ শে নভেম্বর হবে।

এই সি ভিজিল কে সাফল্যমন্ডিত করতে কমোডর অজয় যাদব (নাভাল অফিসার ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল এবং কমান্ডিং অফিসার অফ আই এন এস নেতাজি) ও তাঁর টিম নিরলস পরিশ্রম করে চলেছেন।

সোমবার ১৬ নভেম্বর হেস্টিংসে আইএনএস নেতাজি সুভাষে একটি মিডিয়া ব্রিফের ও বন্দোবস্ত করা হয়। একটি সংক্ষিপ্ত ভাষণে কমডোর অজয় যাদব মনে করিয়ে দেন এই পঞ্চম সি ভিজিলের প্রয়োজনীয়তার কথা। প্রসঙ্গ উঠে ২৬/১১ র। ২০০৮ এর নভেম্বর মাস। এই মাসেরই ২৬ থেকে ২৯ মুম্বাইয়ে নারকীয় হত্যালীলায় মেতেছিল ১০ জন কুখ্যাত জঙ্গি। উল্লেখযোগ্য যে এই সন্ত্রাসবাদীরা আরব সাগর দিয়ে মুম্বাইয়ে প্রবেশ করেছিল। করাচি থেকে তারা একটা পাকিস্তানি কার্গো ভেসেলে করে এসে একটি ভারতীয় মৎস্যজীবী ট্রলার অপহরণ করে তাতে করে ঢুকে পড়ে দক্ষিণ মুম্বাই এর উপকূল ধরে। তারপরের ঘটনা শোকের যন্ত্রণার ইতিহাস। প্রায় ১৭৫ জন নিরপরাধ মানুষকে হত্যা।

ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তারপর থেকেই উপকূল সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ নেয়। সি ভিজিল তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

সোমবার কলকাতায় নৌ বাহিনীর তরফে হুগলি নদীতে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট-এ করে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়। বোঝানো হয় কিভাবে এগুলি উপকূলীয় নিরাপত্তা, সন্দেহজনক নৌযানকে ধাওয়া করা এবং সমুদ্রপথে অনুপ্রবেশ ঠেকাতে পারে। এই এফআইসিগুলি জঙ্গি অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধ করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই জলযানগুলি টহল দেয় হুগলি নদীতে। পাশাপাশি সুন্দরবন অঞ্চলের এবং বঙ্গোপসাগর উপকূলে নিরাপত্তা দিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

উপকূলীয় সুরক্ষায় এই সর্বভারতীয় সি ভিজিল ২০২৬ এর পঞ্চম পর্যায়কে সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে সফল করে তুলতে কমোডর অজয় যাদব প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলেছেন আর্মি, এয়ারফোর্স, কোস্টগার্ড, বিএসএফ, মেরিন পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সিআইএসএফ কাস্টমস, ফিশারিজ এবং অন্যান্য সিভিল অথরিটিজ (অসামরিক কর্তৃপক্ষ) এর সঙ্গে।


Be the first to comment