প্রতিবেদন: গত তিন মাস ধরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলায় বিরক্ত কলকাতা হাইকোর্ট। সোমবার সেবাশ্রয় নিয়ে মামলার প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, ভোটের ফলাফলের পর গত ২১ মে থেকে একই ধরনের অভিযোগ শুনতে শুনতে তিনি ক্লান্ত। বিচারপতি বলেন, এই চলতে থাকলে আদালতের নির্দেশ ছাড়া নতুন করে কোনও এফআইআর করা যাবে না, এমন নির্দেশ দিতে বাধ্য হব। অন্তত তিনটে মামলা দেখেছি যেগুলোর কোনও ভিত্তিই নেই। নির্বাচনে হেরে যাওয়া একই ব্যক্তি তিনিই বারবার অভিযোগ করছেন। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলার অন্যতম হল সেবাশ্রয় প্রকল্পের দুর্নীতি। সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিজেপির অভিজিৎ দাসের অভিযোগ, ওই প্রকল্পে কোনও মেডিক্যাল স্ট্যাটুটারি বোর্ডের অনুমতি নেওয়া হয়নি। এই নিয়ে এফআইআর করেন তিনি। আজ সেই মামলারই শুনানি ছিল। শুনানির পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, এটা বড়জোর চিকিৎসার গাফিলতির মামলা হতে পারে। এই নিয়ে যদি কোনও অভিযোগ থাকলে ক্লিনিক্যাল কাউন্সিলের কাছে করতে হবে। অভিযোগকারী তা করেছেন কিনা তা জানতে চান বিচারপতি। করে থাকলে তার নথিও চান তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর। এদিন বিচারপতি জানিয়ে দেন, আপাতত সেবাশ্রয়ের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। তবে তদন্ত চলবে। তদন্তে সহযোগিতা করতে হবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Be the first to comment