রোজদিন ডেস্ক : বুধবার রাতে বলা নেই, কওয়া নেই, আচমকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নিরাপত্তা রক্ষীদের তুলে নিল প্রশাসন। লালবাজারের তরফেই এমন নির্দেশ বলে জানা গিয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পোস্টের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের ভিডিও তুলে ধরেন সাংসদ। সেখানে কোনও রক্ষী বা পুলিশ না থাকায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। তাই পোস্ট করে ফের পোস্ট করে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন দলের আর এক সাংসদ সাগরিকা ঘোষ। ডেরেকের অভিযোগ, বুধবার রাতে সাড়ে ন’টার কিছু পরে গত ২০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের আচমকা সরিয়ে দেওয়া হয়। তার বদলে তিন জন নতুন অপরিচিত নিরাপত্তাকর্মীকে নিয়োগ করা হয়। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়েনি। ডেরেকের দাবি, দীর্ঘ ২০ বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যের পর হঠাৎ করেই তিন জন অপরিচিত নিরাপত্তাকর্মীকে মমতার বাড়িতে পাঠানো হয়। তার পর ফেসবুক লাইভ গোটা বিষয়টি তুলে ধরেন। তাঁর আশঙ্কা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এখন পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। ডেরেকের প্রশ্ন, এভাবে আচমকা কেন নিরাপত্তা তুলে নেওয়া হল? তিনি পালটা বলেন, ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফল নিয়ে মামলা দায়ের করা হয়েছে বলেই কি এই ব্যবস্থা? বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে নেত্রী মিছিল করেছেন বলেই কি এটা করা হল?

Be the first to comment