অন্ধ্রপ্রদেশে তিন মহিলা-সহ সাত মাওবাদী সংঘর্ষে নিহত

Spread the love

রোজদিন ডেস্ক :
গতকাল মাওবাদী শীর্ষ নেতা মাদভি হিদমার পর আজ ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশে তিন মহিলা সাত মাওবাদী নিহত হলেন। আল্লুরি সীতারাম রাজু জেলার মারুদুমিল্লি বনাঞ্চলে এখন অবধি এই প্রাণহানির খবর মিলেছে।
বিজয় ওয়াড়ায় অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা বিভাগের এডিজি মহেশ চন্দ্র লাদ্ধা জানান, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে। সাত জন নিহতর মধ্যে তিনজন মহিলাও আছেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, শ্রীকাকুলামের বাসিন্দা মেতুরি জোখা রাও, ওরফে টেক শংকর। অন্ধ্র -ওড়িশা সীমান্ত এলাকায় তিনি আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন। দলের প্রযুক্তি, অস্ত্র তৈরি, যোগাযোগ ইত্যাদিতে তিনি দক্ষ ছিলেন বলে এডিজি জানান।
মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযানে এখন অবধি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শীর্ষ নেতা মাদভি হিদমা-সহ পাঁচ জন প্রাণ হারান। আজ ফের তিন মহিলা সহ সাত জন মাওবাদী র মৃত্যু, গ্রেফতার ইত্যাদিকে মাওবাদী দমনে বড় সাফল্য হিসাবে দেখছে পুলিশ। ছত্তিসগড় থেকে এই অভিযানের তদারকি চলছে, নিহত ও ধৃতদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি ইত্যাদি উদ্ধার হয়েছে। এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*