রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার বিরুদ্ধে গঠিত আপিল ট্রাইবুনালগুলি এখনও পর্যন্ত সাড়ে ছ’হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি করেছে। তার মধ্যে প্রায় ৪,২০০ জনেরও বেশি নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। নিষ্পত্তি হওয়া মামলার ৬১ শতাংশেরও বেশি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষেই রায় দিয়েছে ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২০ মার্চ এই আপিল ট্রাইবুনাল গঠন করা হয়। বর্তমানে রাজ্যে ১৯টির মধ্যে ১২টি ট্রাইবুনাল সক্রিয় রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৫ লক্ষ আপিল জমা পড়েছে। সেই তুলনায় নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ। কলকাতা উত্তর ও দক্ষিণ জেলাতেই সবচেয়ে বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। এই দুই এলাকায় মিলিয়ে ১,৭৭৭টি আপিলের শুনানি শেষ হয়েছে। যদিও এখনও ৫১ হাজারেরও বেশি আবেদন ঝুলে রয়েছে। কলকাতা উত্তর ও দক্ষিণের ট্রাইবুনালের প্রধান ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ৭ মে পদত্যাগ করেন।
অন্যদিকে, মুর্শিদাবাদ ও মালদার মতো জেলায় বিপুল সংখ্যক নাম বাদ গেলেও মামলার নিষ্পত্তির হার অত্যন্ত কম। মুর্শিদাবাদে ৬ লক্ষ ২৯ হাজারের বেশি আপিল জমা পড়লেও নিষ্পত্তি হয়েছে মাত্র ১১২টির। মালদায় ৫ লক্ষ ২৬ হাজার আবেদনের মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৮৫টির। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এখন পর্যন্ত নিষ্পত্তির সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছেছে। তবে সংশোধিত সরকারি তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

Be the first to comment