রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে মিলল খোঁজ! ৬ দিন নিখোঁজ থাকার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ত্রিপুরার তরুণী স্নেহা দেবনাথের নিথর দেহ ভেসে উঠল যমুনা নদীতে৷ পুলিশ সূত্রের খবর,তাঁর পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেছেন৷ উদ্ধার করার পর তরুণীর দেহ পাঠানো হয়েছে অটোপ্সির জন্য৷
সিগনেচার ব্রিজ থেকে ১০ কিলোমিটার দূরে উত্তর দিল্লির মঞ্জু কা টিলা-র কাছে গীতা কলোনি এলাকায় একটি উড়ালপুলের কাছে যমুনা নদীতে স্নেহার দেহ পাওয়া যায়৷ যে ক্যাবচালক তাঁকে ঘটনাস্থলে নামিয়ে দিয়েছিলেন তিনিও নিশ্চিত করেছেন স্নেহা তাঁর গাড়িতে যাত্রী ছিলেন। কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তাঁরা এক তরুণীকে সেতুর উপর দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং পরে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান, পুলিশ এক বিবৃতিতে একথা জানিয়েছে।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে গত ৭ জুলাই উত্তর দিল্লির সিগনেচার ব্রিজে স্নেহা একটি ক্যাব নিয়েছিলেন৷ তার পর থেকে তিনি নিখোঁজ৷ তাঁর শেষ লোকেশন এখনও পর্যন্ত সিগনেচার সেতুতেই চিহ্নিত করা হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে স্নেহার নিজের হাতের লেখায় একটি লেখা পাওয়া গেছে৷ সেখানে আত্মহত্যার ইঙ্গিত আছে৷ নিজেকে শেষ করে দেওয়ার কারণ পারিবারিক বলে উল্লেখ করেছেন তরুণী৷

Be the first to comment