রোজদিন ডেস্ক : রাজস্থানের বিকানীরের কাছে চলন্ত ট্রেনে খুন হলেন সেনা জওয়ান জিগর কুমার। গতকাল রাতে বিকানীর গামী জম্মু তাওয়াই এক্সপ্রেসের স্লিপার কোচে এই হত্যাকাণ্ড হয়। অভিযোগের তির ট্রেনের কোচ অ্যাটেনডেন্টের দিকে। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রের খবর, গুজরাটের বাসিন্দা সেনা জওয়ান জিগর কুমার বিকানীর যাচ্ছিলেন। স্লিপার কোচের অ্যাটেনডেন্ট এর সঙ্গে কোন কারণে তাঁর বচসা বাধে। ট্রেন তখন প্রায় বিকানীর স্টেশনের কাছে। বচসা থেকে আচমকা কোচ অ্যাটেনডেন্ট ছুরি দিয়ে ওই জওয়ানকে উপর্যুপরি আঘাত করে। এই ভয়ংকর ঘটনায় ট্রেনে ব্যাপক শোরগোল বাধে। গুরুতর আহত অবস্থায় জিগর কুমার কে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি শেষ নিশ্বাস ফেলেন। কেন এই খুন তা জানতে পুলিশ ধৃত কোচ অ্যাটেনডেন্টকে জিজ্ঞাসা বাদ করছে। খবর পেয়ে পদস্থ সেনা আধিকারিকরা দ্রুত হাসপাতালে যান।নিহত সেনার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
চলন্ত ট্রেনে খোদ কোচ অ্যাটেনডেন্ট এর আক্রমণে সেনা জওয়ানের হত্যার নজিরবিহীন ঘটনায় আতঙ্ক দেখা দেয়।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লন্ডনে চলন্ত ট্রেনে যাত্রীদের এলোপাথাড়ি ছুরি দিয়ে আক্রমণ করেন দুই ব্যক্তি।

Be the first to comment