রোজদিন ডেস্ক : বাংলাদেশি বলে পরিবার-সহ তাঁকে সরাসরি ওই দেশে পাঠিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ। যা নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে। দীর্ঘ আইনি লড়াই এর পর শীর্ষ আদালতের নির্দেশে রাজ্যে ফেরেন তিনি। হয়ে ওঠেন দরিদ্র নিরীহ মানুষদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, শোষণের প্রতীক। আজ সকালে বীরভূমের রামপুরহাট সরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালি বিবি। তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, মা ও শিশু উভয়েই সুস্থ আছেন।
বাংলাদেশ থেকে পরিবার সহ সোনালি বিবিকে দেশে ফেরানোর জন্য রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তাঁদের পাশে ছিলেন। দীর্ঘ আইনি লড়াই-এ সহায়তা করেছেন।। শেষ অবধি শীর্ষ আদালতের নির্দেশে নাবালক পুত্র-সহ দেশে ফিরেছেন সোনালি বিবি। অনাগত সন্তানকে এই রাজ্যে জন্ম দেওয়ার জন্য আকুল হয়ে ওঠেন।
আজ সেই আশা তাঁর পূর্ণ হল। তাঁর পরিবারে এখন খুশির হাওয়া।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগেই জানিয়েছিলেন, সোনালি বিবির সঙ্গে তিনি দেখা করবেন। সূত্রের খবর, বীরভূম সফরকালে সদ্যজাত সন্তান-সহ সোনালি বিবির সঙ্গে দেখা করবেন তিনি। সম্ভবত আগামীকাল তা হতে পারে।
সমাজমাধ্যমে অভিষেক ব্যানার্জি সোনালি বিবির সন্তান জন্মের খবরকে স্বাগত জানিয়ে বলেন, কিভাবে তিনি অবিচারের শিকার হয়েছিলেন! বিজেপিকে বিঁধে বলেন, ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশির মিথ্যা তকমা দিয়ে তাঁকে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল।

Be the first to comment