রোজদিন ডেস্ক :
দক্ষিণ কলকাতায় এসআরএফটিআই-এর সামনে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ ঘিরে আজ তুমুল উত্তেজনা দেখা দেয়। গত রবিবারের ঘটনার জের টেনে
আজ হিন্দু জাগরণ মঞ্চ ওখানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এই সমাবেশ নিয়ে অশান্তির আশঙ্কায় গতকালই পড়ুয়া সংগঠন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-কে চিঠি দিয়েছিলেন। সূত্রের খবর, গোলমাল হলে ঠেকানো হবে বলে কর্তৃপক্ষ, পুলিশের মৌখিক আশ্বাস মিলেছিল।
আজ বিকেলের আগে থেকেই এসআরএফটিআই সংলগ্ন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঠেকাতে ব্যারিকেডও দেওয়া হয়। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে প্রতিষ্ঠানের সামনে চলে আসেন মিছিলকারীরা।
গেরুয়া পতাকার স্রোত আছড়ে পড়ে এসআরএফটিআই এর ফটকের ওপর। কর্তব্যরত পুলিশের সঙ্গে তুমুল ধ্বস্তাধস্তি বাধে। প্রতিষ্ঠানের প্রাঙ্গণে যথেচ্ছ বোতল ছোঁড়া হয়। ভিতরে বহু পড়ুয়াও তখন যুদ্ধং দেহি মেজাজে। উভয় পক্ষের ধ্বনি, পালটা ধ্বনিতে সরগরম হয় ব্যস্ত ইএম বাইপাস। হিন্দু জাগরণ মঞ্চের অভিযোগ, গত রবিবার পড়ুয়ারা দেশবিরোধী ধ্বনি দিয়েছেন, ভারতমাতা, বিবেকানন্দ সহ মনীষীদের ছবিকে অপমান করেছেন। আজ পুলিশ তাঁদের বাধা দেওয়ায় ক্ষোভ উগরে অনেক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, চব্বিশ ঘণ্টার মধ্যে এই সব পুলিশকে সাসপেন্ড করা হবে।
দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে, সঙ্গে চড়ে উত্তেজনার পারদও।
বিশিষ্ট বামমনস্ক অভিনেতা বাদশা মৈত্র হিন্দুত্ববাদীদের অভিযোগ খন্ডন করে বলেন, এসআরএফটিআই-এ কোন দেশবিরোধী কাজ হয় না। দেশ-বিদেশের বহু পড়ুয়া এখানে আসেন। এই মর্যাদাময় প্রতিষ্ঠানে শান্তি রক্ষার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আবেদন জানান।
অন্যদিকে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ পালটা জানান, এখানে দেশবিরোধী কাজ হয়। এই নিয়ে চাপান উতর চলতেই থাকে।

Be the first to comment