রোজদিন ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র পরীক্ষায় অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি ১০ নম্বর পাবেন পরীক্ষার্থীরা। কিন্তু এরা কারা? কীসের ভিত্তিতে এদের নাম বাছাই করা হচ্ছে? এসএসসির ৩৬,০০০ নিয়োগ মামলায় অভিজ্ঞতার ভিত্তিতে কারা অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার যোগ্য, তা নিয়ে কমিশনের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। হলফনামায় কমিশনকে জানাতে হবে, অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পাওয়ার জন্য কারা যোগ্য বলে বিবেচিত হবেন? কোন কোন পার্শ্বশিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, অস্থায়ী শিক্ষকরা তা পাবেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে হলফনামা পেশ করে তা জানাতে হবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি স্মিতা দাস দে। ৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। আদালত স্পষ্ট করতে বলেছে, কমিশনের তৈরি অভিজ্ঞ শিক্ষকদের তালিকার বাইরে আর কারা আছে? একইসঙ্গে প্রকৃত শূন্যপদে চাকরি করা অস্থায়ী শিক্ষক কারা, এসএসসিকে হলফনামা পেশ করে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে স্কুল পরিদর্শককেও রিপোর্ট দিতে বলা হয়েছে।
এদিন কমিশনের হয়ে আদালতে সওয়াল করেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, চাকরির জন্য ৫ লক্ষ প্রার্থী ঘুরছে। এসএসসির চোখে সকলেই সমান। মামলাকারীদের আবেদনে কেন গুরুত্ব দেবে আদালত? অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পাওয়া যোগ্যদের তালিকা এসএসসির কাছে রয়েছে। সাবস্ট্যানটেটিভ পোস্টের নিরিখে পার্টটাইম, কনট্রাক্টুয়াল শিক্ষকরা সেই ১০ নম্বর পাওয়ার যোগ্য। এই আবেদনকারীদের কেউই সেই সাবস্ট্যানটেটিভ পদের অস্থায়ী নন তাই ১০ নম্বরের জন্য বিবেচিত হননি। নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনওরকম হস্তক্ষেপ হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

Be the first to comment