রোজদিন ডেস্ক : টানটান উত্তেজনার আবহে রবিবার কলকাতা-সহ রাজ্যে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হল। ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। আদালতের নির্দেশে নেওয়া এই পরীক্ষায় বসেন চাকরিহারা শিক্ষকরাও। ২০১৬-য় পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে ফের পরীক্ষায় বসা নিয়ে তারা রীতিমত ক্ষুব্ধও। অনেকেই প্রতিবাদে আজ কালো পোশাক পরে আসেন।
আজকের এই পরীক্ষা নিরবিঘ্নে গ্রহণ করা এসএসসি-র কাছে অগ্নিপরীক্ষা ছিল। সসম্মানে সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। কোথাও বড় কোনও গোলমাল, অসন্তোষের খবর নেই। যদিও পরীক্ষা দিয়ে চাকরি আদৌ মিলবে কিনা সে বিষয়ে পরীক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া ছিল। তবে প্রশ্নপত্র সহজ ছিল বলে বেশিরভাগ পরীক্ষার্থীই হাসিমুখে জানান।
এই পরীক্ষায় অংশ নিতে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা ইত্যাদি রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী আসেন। নিজেদের রাজ্যে চাকরির অভাব, দুর্নীতি ইত্যাদির কথা সংবাদমাধ্যমে অকপটে বলেন। যা নিয়ে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকারকে তীব্র কটাক্ষ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। যতই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠুক, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে অন্য রাজ্যেরও ভরসা, দল তা নিয়ে প্রচারও করেছে।
বস্তুত আজ এই পরীক্ষায় নজর কেড়েছিলেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা। ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী ভিন রাজ্য থেকে আসেন। যা মোট পরীক্ষার্থীদের ১০ শতাংশর বেশি। আজ ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা দেন। নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রে আডমিট কার্ড পেন ছাড়া কিছু নিতে দেওয়া হয়নি। পেরোতে হয়েছে মেটাল ডিটেক্টরও। পরীক্ষা কেন্দ্রের বাইরেও ছিল নিশ্ছিদ্র প্রহরা। তবে এই সব নিয়ে পরীক্ষার্থীদের ক্ষোভ খুব একটা ছিল না। সকলেই চাইছিলেন সুষ্ঠুভাবে তা সম্পন্ন হোক। যদিও পরীক্ষা ভাল দিয়েও চাকরি মিলবে কিনা তা নিয়ে আজও অনেকে সংশয় ব্যক্ত করেন। এমনকি আগের মত দুর্নীতি হওয়ার আশঙ্কাও প্রকাশ্যে জানান অনেকেই।
শুধু কালো পোশাকই না, “হোক কলরব” লেখা টি-শার্টও পরতে দেখা গেছে।
দুপুর ১২টা থেকে দেড়টা অবধি পরীক্ষা চলে। ১১.৪৫-এ প্রশ্ন পত্র পেলেও ১২টার আগে তা খোলার অনুমতি ছিল না।
এই পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রির কথা সমাজ মাধ্যমে বলে গ্রেফতার হয়েছিলেন অরিন্দম দাস। আদালতের নির্দেশে কঠোর নিরাপত্তায় তিনিও পরীক্ষা দেন।
আজ পরীক্ষা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। আগামী রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষাও শান্তিপূর্ণ, সুষ্ঠু ভাবে হবে বলে তাঁর আশা।
আজকের এই পরীক্ষাও প্রহসন ছাড়া কিছু নয় বলে গতকাল মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, এতেও অশ্বডিম্ব প্রসব হবে। দুর্নীতি মুক্তও হবে না। মমতা ব্যানার্জি-কে না তাড়ালে রাজ্যের কোন উন্নয়ন হবে না বলে তিনি তোপ দাগেন।

Be the first to comment