রোজদিন ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য আপাতত চলছে সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। এর পরের ধাপে রয়েছে ইন্টারভিউ। কিন্তু মজার কথা, পরীক্ষায় সফল হয়েও ডকুমেন্ট ভেরিফিকেশনে গরহাজির থাকছেন প্রার্থীরা। প্রতিদিন অনুপস্থিতির হার বাড়ছে। কমিশনের বক্তব্য অনেকেই ভুয়ো নথি জমা করায় আর আসছেন না ভেরিফিকেশনে। এর মধ্যে অভিজ্ঞতার শংসাপত্রেই গরমিল সবচেয়ে বেশি। কমিশনের তথ্য বলছে, বাংলার ৬ জন, ইংরেজিতে ১৮ জন অনুপস্থিত ছিলেন। ইতিহাসে ১৫ জন তারপর কম্পিউটার সায়েন্সেও বেশ কিছু প্রার্থী তথ্য যাচাইয়ে আসেননি। সবমিলিয়ে তিনটি বিষয়ে ৩৯ জন প্রার্থী এর মধ্যেই অনুপস্থিত। এই গরহাজিরার কারণ হিসেবে অনেকেই মনে করছেন, আবেদনে ভুল যোগ্যতা দাবি করেছিলেন এই প্রার্থীরা। তথ্য যাচাইয়ে বাদ পড়বেন বুঝতে পেরেই অনুপস্থিত হয়েছেন। তবে, অনুপস্থিতি বাড়ার ফলে গোটা প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। অনুপস্থিত প্রার্থীদের জায়গায় ফের মেধা তালিকা ধরে বিকল্প প্রার্থীদের ডাকতে হবে কমিশনকে। এখনও পর্যন্ত ২৬ জনকে শিক্ষকতার অভিজ্ঞতা সম্পর্কিত ভুল তথ্য দেওয়ার জন্য বাতিল করা হয়েছে।

Be the first to comment