রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার জামাইষষ্ঠীর দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ভিজবে দক্ষিণবঙ্গও। কোথাও কম কোথাও আবার বেশি। এদিকে আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের কিছু জেলায়।
রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও কোথাও ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।
তবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। জুনের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে এক ধাক্কায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা।

Be the first to comment