নিজস্ব প্রতিবেদক, নদীয়া :
বারুইপুর মহকুমার সূর্যপুরে ১২ বছরের এক স্কুলছাত্রীর মর্মান্তিক ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি এবং ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় SUCI(C)। সেই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কৃষ্ণনগর সদর মোড়ে দলের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন SUCI(C)-এর জেলা ও স্থানীয় নেতৃত্বসহ বহু কর্মী-সমর্থক। প্রতিবাদ মিছিল কৃষ্ণনগর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সদর মোড়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সূর্যপুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও ফাস্ট-ট্র্যাক আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, নারী ও শিশুদের ওপর অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের অপরাধ রুখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা গ্রহণ এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি তোলেন তাঁরা। একই সঙ্গে ঘটনার তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারও প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভা থেকে নিহত স্কুলছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি পুনর্ব্যক্ত করা হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Be the first to comment