রোজদিন ডেস্ক : রবিবার ছিল বিয়ের দিন। সব আয়োজন সম্পূর্ণ। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগে মর্মান্তিক খবর। বিয়ের আগের দিন শনিবার সকালে ওই তরুণী ও তাঁর প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায় এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে খবর, প্রেমিক বিবাহিত হওয়ায় তাঁদের সম্পর্ক মেনে নেয়নি ওই তরুণীর পরিবার। তাঁর অন্যত্র বিয়ে ঠিক করা হয়। সেই কারণে এই চরম সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। মৃতদের নাম বিউটি বাগদি (১৯) ও সুকুমার বাগদি (২৩)। শনিবার ভোরে স্থানীয়রা দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছ থেকে তাঁদের দেহ ঝুলছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।। সুকুমারের বাড়ি অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায় এবং বিউটির বাড়ি জামগড়ায়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে সুকুমার বিবাহিত। সেই কারণে বিউটির পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করেন। রবিবারই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই প্রেমিকের সঙ্গে মিলে চরম সিদ্ধান্ত নিলেন তরুণী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment