রোজদিন ডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিন সংক্রান্ত মামলা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবী। এর আগে এই মামলার বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে ঢুকে তাঁর ব্যক্তিগত সচিবের কাছ থেকে ফাইল চাওয়ার অভিযোগ উঠেছিল সুজিত বসুর আইনজীবীর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন ওই আইনজীবী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবকে চিঠি দিয়েছেন মৌসুমি ভৌমিক নামে ওই আইনজীবী। তাঁর আবেদন, ওই অভিযোগের পরে প্রশ্নের মুখে তাঁর পেশাগত জীবন। তাঁর আর্জি, ঘটনার সত্যতা যাচাই করার জন্য সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হোক। ঘটনার তদন্তের কথাও চিঠিতে উল্লেখ করেছেন মৌসুমি। একই সঙ্গে সিঙ্গল বেঞ্চের বিচারপতির মামলা থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও খতিয়ে দেখার জন্য শুক্রবার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, স্বচ্ছতার স্বার্থেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বিচারপতি শুভ্রা ঘোষের করা অভিযোগের অনুসন্ধান করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। বলেন, কোনও এক জুনিয়রের যাওয়ার কথা বলা হয়েছে। কে গিয়েছিলেন? কার কথায় গিয়েছিলেন? কোর্ট অফিসারের কী ভূমিকা ছিল? সবটাই খতিয়ে দেখা হোক।

Be the first to comment