রোজদিন ডেস্ক :
রাজ্যে এখন ভয়ের বদলে ভরসার শাসন চলছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে জানিয়েছেন। প্রাক্তন সরকার কে বিঁধে তিনি বলেন, ওই সময় রাজ্যে ন্যায় সংহিতার বিজ্ঞপ্তিও জারি হয়নি। কেন হয়নি তার ব্যাখ্যা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে জানান, উনি জানতেন, এই ন্যায় সংহিতা প্রয়োগ হলে সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি ও ভয়ের সাম্রাজ্য ভেঙে চূরমার হয়ে যাবে!
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব নিয়েই উনি প্রথম এই ন্যায় সংহিতা কার্যকর করার ফাইলে সই করেছিলেন, তারপর থেকেই রাজ্যে ভয়ের বদলে ভরসার কাজ শুরু হয়ে গেছে।
প্রাক্তন সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তখন বোমা, গুলি, এসিড আক্রমণ কখনও বন্ধ হোত না। আর জি করের তরুণী চিকিৎসকের নিষ্ঠুর হত্যা, সন্দেশখালির বেদনা, দুর্গাপুর মেডিকেল কলেজ, দক্ষিণ কলকাতা আইন কলেজের ধর্ষণ ইত্যাদির কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পনের বছর পর রাজ্যে আইনের শাসন বলবৎ হয়েছে বলে তাঁর দাবি।
তিন দিনের শিলিগুড়ি সফরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন অমিত শাহ।
আগামী কাল দার্জিলিং পাহাড় নিয়ে তিনি বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বৈঠকে থাকতে পারেন। বিমল গুরুং, পাহাড়ের তিন বিধায়ক, সাংসদ সহ নেতারা ওই বৈঠকে যোগ দেবেন বলে জানা যায়।

Be the first to comment