প্রতিবেদন: কেউ বলছিলেন তিনি বিদেশে পালিয়েছেন, কেউ বা আবার আশঙ্কা করছিলেন, তাঁকে খুন করে দেওয়া হয়েছে। অবশেষে সব জল্পনা উড়িয়ে শনিবার সকালে ভবানীভবনে সিআইডির সামনে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন সুমিত। মাথার উপর ঝুলছিল একাধিক মামলা। তা নিয়ে অজ্ঞাতবাস থেকেই আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পান। শালবনীর জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর অবশেষে সিআইডি দফতরে হাজিরা দিলেন সুমিত। শনিবার সকাল ১০টার কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে যান সুমিত। তাঁকে আপাতত জিজ্ঞাসাবাদ করা চলছে। শুক্রবারই তাঁর বাড়ি গিয়ে হাজিরার নোটিস দিয়ে এসেছিল সিআইডি। আর আদালতও তাকে সিআইডি তদন্তে সহযোগিতা করার শর্তেই রক্ষাকবচ দিয়েছিল।

Be the first to comment