প্রতিবেদন: ভুয়ো নথি বানিয়ে শালবনির একটি সরকারি জমি বিক্রি করার অভিযোগে জড়িত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক পলাতক সুমিত রায়ের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ফলে তাকে গ্রেফতারে আর কোনও বাধা রইল না পুলিশের। এদিকে আসল প্রশ্ন, কোথায় সুমিত রায়? এর মধ্যে বড় আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় খুন হয়ে যাননি তো, আশঙ্কা প্রকাশ করে ঋতব্রত বলেন, সুমিতের মুখ বন্ধ করতে পারলে অনেক কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া যাবে। তাই এমনই আশঙ্কা বিরোধী দলনেতার।
এদিকে সোমবার কলকাতা হাইকোর্ট জমি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিন খারিজ করেছে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে প্রায় ৫০ একর সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। ইতিমধ্যে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা-সহ কয়েকজন গ্রেফতার হয়েছে। মামলায় সুমিত রায়ের নাম জড়ায়। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। এই পরিস্থিতিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত।বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি আগাম জামিনের আবেদন খারিজ আদালতের পর্যবেক্ষণ, এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া অভিযুক্তদের বয়ান এবং তথ্যের ভিত্তিতে আদালতের মনে হয়েছে তাঁর আগাম জামিন মঞ্জুর করা ঠিক হবে না। তবে এদিন চাকরি দুর্নীতির একটি মামলায় সুমিতকে স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সুমিত রায়ের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় সুমিতের আগাম জামিন মঞ্জুর করেছে আদালত৷ তবে শর্ত রয়েছে, আগামী ১০ দিনের মধ্যে সুমিতকে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। তবে এখনও নিখোঁজ সুমিত রায়।

Be the first to comment