রোজদিন ডেস্ক :
সুন্দর বনে বাঘের আক্রমণে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক মৎস্যজীবীর। বনি ক্যাম্প সংলগ্ন সিঁদুরকাটির জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গেছিলেন তিনজন মৎস্যজীবী। গতকাল বিকেলে নদীর ধারে নৌকা নোঙর করে বসেছিলেন তাঁরা। আচমকা জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে তাপস হালদারকে টেনে নিয়ে যায়। তাঁর আর্তনাদ শুনে নৌকায় থাকা গোপাল ও নেপাল পাইক তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হন। বাঘ তাপসকে জঙ্গলের ভিতর নিয়ে যায়। তাঁর সঙ্গীরা পুলিশ ও বন দফতরকে খবর দেন।
পরে তাঁরা বনের ভিতর তল্লাসি চালিয়ে তাপস হালদারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। নিহতের স্ত্রী-র হাহাকারে প্রতিবেশীরা বাকরুদ্ধ। কয়েকদিন আগে ও সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শম্ভু সর্দার নামের এক মৎস্যজীবী বাঘের আক্রমণে মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
এই ঘটনায় মাছ, কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। নরখাদক বাঘ নিয়ে চিন্তিত বন দফতর।

Be the first to comment