রোজদিন ডেস্ক, কলকাতা:- যাঁরা ‘র্যাঙ্ক জাম্প’ করে চাকরি পেয়েছেন তাঁরা নতুন চাকরিতে বসার সুযোগ পাবেন না। ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ‘অযোগ্য’ হিসেবে গণ্য প্রার্থীদের একটি মামলার ভিত্তিতে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রত্যেকেই ‘অযোগ্য’ হিসেবে গণ্য হবেন। র্যাঙ্ক জাম্পে চাকরিহারারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা খেলেন এসএসসি চাকরিহারারা।
সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করার কারণে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল হয়ে যায়। এই প্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ আলাদা করে চিন্নিত করে দেওয়া হয়। এই অযোগ্য প্রার্থীদের মধ্যে তিন ধরনের প্রার্থী রয়েছেন। অযোগ্যদের মধ্যে একটি শ্রেণি রয়েছে, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, আরেকটি শ্রেণি রয়েছেন, যাঁরা প্যানেলের বাইরে থেকেও পরে প্যানেলভুক্ত হন। তৃতীয় শ্রেণি হলো, যাঁরা ‘র্যাঙ্ক জাম্প’ করে চাকরি পেয়েছিলেন।
তিনটি শ্রেণির ‘অযোগ্য’ প্রার্থীদেরই চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। এর মধ্যে ‘র্যাঙ্ক জাম্প’ করা প্রার্থীরা নতুন পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু প্রাক্তন প্রধান বিচারপতির রায়কে মান্যতা দিয়ে এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

Be the first to comment