প্রতিবেদন: রাজ্যে নদীভাঙন ও বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সকালের বিমানে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সকাল আটটা নাগাদ তিনি কলকাতা থেকে রওয়ানা দেন। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিলের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড ও বিহারের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। রাজ্যের প্রতিনিধিদলে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং সেচ দপ্তরের সচিব রাজেশ সিনহা। বৈঠকে গঙ্গা ও তার শাখা নদীগুলির ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, আন্তঃরাজ্য সমন্বয় এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে মালদার প্রশাসনিক ভবনে নদীভাঙন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সেই বৈঠকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মালদা ও মুর্শিদাবাদের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে অতিরিক্ত আর্থিক সহায়তা, যৌথ প্রকল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হতে পারে।

Be the first to comment