- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একা কোনও সিদ্ধান্ত নেননি, এসআইআর সংক্রান্ত সব সিদ্ধান্তই তিন কমিশনার একমত হয়ে নিয়েছেন বলে সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন। হলফনামায় আরও বলা হয়েছে যে, তিন কমিশনারের মধ্যে আভ্যন্তরীণ আলোচনার সময় কী প্রশ্ন উঠেছে, কী পরামর্শ দেওয়া হয়েছে, কী পর্যবেক্ষণ রাখা হয়েছে, তার সঙ্গে কমিশনের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।
- সোমবার হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম ৬-এ তারা কোনও সংশোধন করেনি। এসআইআর-এর সময় যে অতিরিক্ত তথ্য দিতে হয়েছে, তা একটি পৃথক নথি।
- বারুইপুরের পর এবার গাইঘাটায় ‘এনকাউন্টার’। মঙ্গলবার গভীর রাতে ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে ফেরার সময় পুলিশের বন্দুক ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রহ্লাদ দাসের।
- পাণ্ডবেশ্বরের খনিতে আটকে পড়া ১২ শ্রমিককে উদ্ধার করল ইসিএল। গতকাল বিকেলে কুমোরডিহি কোলিয়াড়িতে আটকে পড়েছিলেন শ্রমিকরা। রাতভর অভিযানের চেষ্টায় প্রায় ১২ ঘণ্টা পর আজ ভোরে তাঁদের উদ্ধার করা হয়েছে।
- এক পুলিশকর্মীকে জখম করে জেল থেকে এক সঙ্গে পালিয়ে যান ১৭ জন বন্দি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি জেলার থেক্কমপট্টি জেলে। পলাতক ১৭ জন বন্দির খোঁজে ১৭টি বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। তল্লাশিতে ইতিমধ্যেই চার বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে।
- সোমবার রাত্রিতে বাঁকুড়া পুরসভার ১১ নং ওয়ার্ডের কবরডাঙ্গা এলাকায় হানা দেয় পুলিশ। এলাকার মোট ৩ টি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা উদ্ধার করে পুলিশ। বেআইনি ভাবে নেশা সামগ্রী মজুত রাখার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- ‘অর্ণব’ এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘণ্টায় ২৩ কিমি বেগে উপকূলের দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড় অর্ণবের গতিবেগ এই মুহূর্তে প্রতি ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। আরও গতি বাড়িয়ে সমুদ্রেই এর গতিবেগ ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। ২৮ অক্টোবর বুধবার ইয়ানামের কাছে ১৪০ কিমি বেগেই ল্যান্ডফলের সম্ভাবনা।
- তালা ভেঙে ক্লাব দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের লাউগাছি এলাকা। লাঠি হাতে দু’পক্ষের মারামারির জেরে জখম ৬ জন। বেশ কয়েকটি মোটরবাইকেও ভাঙচুর চালানো হয়।
- বাড়ির সামনে মাদকের আসরের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল একদল নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের চারজন। সোমবার ঘটনাটি ঘটেছে কুলতলি থানার জালাবেড়িয়া–২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাবতলায়। ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ।
- মুম্বাইয়ে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো কাঁকসার বিরুডিহা গ্রামের বাসিন্দা এক যুবকের। তাঁর নাম বিশ্ব দে (২১)। মুম্বইয়ের বোরিভলি এলাকায় একটি নির্মিয়মাণ বহুতল আবাসনের ২০ তলা থেকে বিশ্বর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকদের দাবি, যে ভাবে দেহ পাওয়া গিয়েছে, তাতে মনে হচ্ছে, বিশ্বকে হত্যা করা হয়েছে।

Be the first to comment