রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ আকাশ পথে সবং সহ পশ্চিম মেদিনীপুরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি সবং-এর বিডিও কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। বৈঠকে জেলার পদস্থ আধিকারিক, বিধায়ক, মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকার সার্বিক দেখভালের জন্য প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতোকে ওখানে থাকতে বলেন।
জানান, দুর্গত এলাকায় সবাইকে বাড়ি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজেশ মাহাতো ওখানে থাকবেন। শস্যবিমা সংক্রান্ত তালিকা তৈরির বিষয়ও দেখবেন। বন্যায় মৃত দুজনের পরিবার পিছু ৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
সবং-এ মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৯৮৬ সালে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পর আর কোন মুখ্যমন্ত্রী প্লাবন পরিস্থিতি দেখতে ওখানে আসেননি। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ওঁদের গ্রামের সঙ্গে কোন যোগাযোগ ছিল না। তিনি নিজে গ্রামের মানুষ। তাই গ্রামের সঙ্গে তাঁর টান আছে।
আজ মুখ্যমন্ত্রী আরামবাগের প্লাবন পরিস্থিতিও আকাশপথে খতিয়ে দেখেন। পরে ওখানেও তিনি পর্যালোচনা বৈঠক করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Be the first to comment