নতুন মুখ্যমন্ত্রীর জন্য থাকছে “ডাবল লেয়ার” নিরাপত্তা বলয়

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যৌথভাবে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। অর্থাৎ, “ডাবল লেয়ার’ নিরাপত্তা বলয়ের মধ্যেই রাখা হবে মুখ্যমন্ত্রীকে। ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা আওতায় ছিলেন শুভেন্দু। ২০২১ সালে বিরোধী দলনেতা হওয়ার পরেও সেই নিরাপত্তা ছিল। সে সময় রাজ্য সরকারের তরফে পুলিশি নিরাপত্তা দেওয়ার প্রস্তাব এলেও তা গ্রহণ করেননি তিনি। পরে তাঁর উপর একাধিক হামলার আশঙ্কার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেই সিআরপিএফ নিরাপত্তা বলয়েই ছিলেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়ম অনুযায়ী তাঁর নিরাপত্তার দায়িত্ব এখন রাজ্য পুলিশের উপর। কিন্তু সম্প্রতি আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার পর প্রশাসন আরও সতর্ক হয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার না করে তা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষিত একটি দলও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে। আপাতত কয়েক মাস এই দ্বিস্তর নিরাপত্তা বলয়েই রাখা হবে মুখ্যমন্ত্রীকে। রাজনৈতিক পালাবদলের আবহে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা চায় না সরকার। সেই কারণেই নিরাপত্তা নিয়ে কোনওরকম শিথিলতা দেখাতে নারাজ রাজ্য প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*