ভোটমুখী বাংলা ও তামিলনাড়ু থেকে উদ্ধার ৮৬৫ কোটি টাকারও বেশি নগদ ও মূল্যবান সামগ্রী

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে ভোটমুখী দুই রাজ্য তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে চলছে কড়া নজরদারি। এর ফলে এই দুই রাজ্য থেকে সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৮৬৫ কোটি টাকারও বেশি নগদ, মদ, মাদক ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্তের মোট পরিমাণ ৪২৭ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ২১ কোটি টাকা নগদ, বিপুল পরিমাণ মদ যার আর্থিক মূল্য ৮১ কোটি টাকা, প্রায় ১০০ কোটি টাকার মাদক, ৫৪ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ১৭২ কোটি টাকার উপহার-সহ মূল্যবান সামগ্রী। অন্যদিকে তামিলনাড়ুতে মোট বাজেয়াপ্ত হয়েছে ৪৩৮ কোটি টাকার সামগ্রী। ভোট প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। দুই রাজ্যে মিলিয়ে ৫ হাজারেরও বেশি ফ্লাইং স্কোয়াড টিম এবং ৫ হাজার ৩৬৩টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে ২৭২৮টি ফ্লাইং স্কোয়াড ও ৩১৪২টি সার্ভিল্যান্স টিম। যারা বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ভোট প্রক্রিয়াকে হিংসা, ভয় এবং প্রলোভনমুক্ত করতে হবে বলে কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে। অভিযোগ জানাতে চালু রয়েছে সি-ভিজিল ব্যবস্থা, যার মাধ্যমে ভোটার এবং রাজনৈতিক দল সরাসরি বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*