রোজদিন ডেস্ক : গত জুন মাসে একমাত্র কন্যা সন্তান তমান্নাকে চিরদিনের মত হারিয়েছেন তিনি। কন্যাশোকের পাশে পেয়েছেন লাগাতার দুষ্কৃতিদের হুমকিও। ক্ষোভ, হতাশা, আতঙ্কে চলতি সপ্তাহে অত্যধিক ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তমান্নার মা সাবিনা বিবি। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। সূত্রের খবর, আজ ফের অসুস্থ বোধ করেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের চাপে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তমান্নার বাবা হুসেন শেখ বলেন, তাঁদের সঙ্গে কোন সহযোগিতাই করা হয়নি। তাঁর স্ত্রীর কিছু হলে তার দায় পুলিশের।
যদিও পুলিশ তাঁদের অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, জুন মাসে কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জয়ের আনন্দে টিএমসি সমর্থকরা এই সিপিএম সমর্থক নিম্নবিত্ত পরিবারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। এতে দশ বছরের তমান্না তার মায়ের চোখের সামনে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই থেকে মেয়ের নৃশংস হত্যার বিচার চেয়ে লড়ছেন সাবিনা ও তাঁর পরিবার। মায়ের অভিযোগ, মেয়ের বিচার তো দূরস্থান, তাঁদেরও সমানে হুমকি দিচ্ছে টিএমসির দুষ্কৃতিরা। মানসিকভাবে বিধ্বস্ত সাবিনা ঘুমের অত্যধিক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে চিকিৎসার জন্য কলকাতা আনা হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment