রোজদিন ডেস্ক :
তারাপীঠের (Tarapith Hotel Fire) বিদেশিনী হোটেলে গতকালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর অনিয়মের দায়ে ওখানে পনেরটি হোটেল বন্ধের নির্দেশ দিলো জেলা প্রশাসন। আজ মহকুমা শাসক এই নির্দেশ দিয়েছেন। গতকালের ঘটনার প্রেক্ষিতে প্রশাসন অন্য হোটেলগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে। যেখানে অনিয়ম, গাফিলতি দেখা গেছে সেখানেই কঠোর ব্যবস্থা নিয়েছে তারা।
বিদেশিনী হোটেলের মালিক প্রবীর পাল ও তাঁর ছেলে কল্যাণ পালের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, গাফিলতির ধারায় মামলা করেছে পুলিশ।
এলাকার সব হোটেল, গেস্ট হাউস, লজগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। রামপুরহাটের এসডিপিও-র নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আজ স্পেশাল অডিট কমিটির বৈঠকও হবে ওখানে। এসডিও-র নেতৃত্বে এই কমিটি পুরো এলাকার সব হোটেলের পরিস্থিতি খতিয়ে দেখবে। পনের দিনের মধ্যে কমিটি জেলা শাসকের কাছে রিপোর্ট দেবে।
সামনেই কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষে ও প্রতিবার ভিড় উপছে পড়ে তারাপীঠে। গতকালের অঘটনের প্রেক্ষিতে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

Be the first to comment