দলমত, ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যভার গ্রহণ করে দলমত, ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সব মানুষকে শান্তি, সংহতির বার্তা দিলেন তারেক রহমান। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন,” বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত, ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসাবে, আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান!” তাঁর এই বক্তব্যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত থাকার বার্তা আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। নতুন প্রধানমন্ত্রী বলেন, যাঁরা তাঁদের ভোট দিয়েছেন বা ভোট দেননি বা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি তাঁদের সবার সমান অধিকার। দেশের প্রতিটি সাংবিধানিক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি নিয়মে চলবে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা হবে বলে তিনি দৃঢ়ভাবে জানান। দেশবাসীর উদ্দেশ্যে বলেন, স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তিনি দেশবাসীকে একটিই বার্তা দিতে চান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তথা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, পাহাড় বা সমতলবাসী, এই দেশ তাঁদের সবার। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ই তাঁদের সরকারের লক্ষ্য। গুরুত্ব দেন জুয়া, মাদক নিয়ন্ত্রণে। নাম না করে প্রাক্তন সরকারকে তোপ দেগে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি, দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলার পরিস্থিতির মধ্যে নতুন সরকার যাত্রা শুরু করেছে। এই পরিস্থিতির উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য বলে জানান।
বৃহস্পতিবার রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এটি হল আত্মশুদ্ধির মাস। এর মর্মার্থ উপলব্ধি করে সবাইকে সেই ভাবে চলার তিনি আহবান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*