নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার :
উৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। অথচ উত্তরবঙ্গের একাধিক চা-বাগানে (Tea Garden) এখনও বোনাস, বকেয়া মজুরি, PF ও ছুটির টাকা না মেলায় শ্রমিকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। পরিস্থিতি নিয়ে ৫ অক্টোবরের পর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতি (PBCMS)।
উত্তরবঙ্গে সাড়ে তিনশোরও বেশি চা-বাগান রয়েছে। সংগঠনের অভিযোগ, বেশ কয়েকটি বাগানে শ্রমিকরা এখনও আগের বছরের বোনাসের অংশ, একাধিক পাক্ষিকের মজুরি এবং অন্যান্য বিধিবদ্ধ পাওনা পাননি। মেরিকো-সহ কয়েকটি বাগানে আগের বছরের ১০ শতাংশ বোনাস বকেয়া রয়েছে বলেও দাবি সংগঠনের।
সম্প্রতি বীরপাড়ায় PBCMS-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে চা-শ্রমিকদের বর্তমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৫ অক্টোবরের মধ্যে বকেয়া বোনাস পরিশোধ না হলে সংশ্লিষ্ট বাগানগুলিতে আন্দোলন শুরু করা হবে। পরবর্তীতে সেই আন্দোলন বৃহত্তর আকার নিতে পারে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
PBCMS-এর দাবি, মধু চা-বাগানের প্রায় ৫০০ শ্রমিক প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও সরকারি আর্থিক সহায়তার অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি তুলসিপাড়া, বীরপাড়া, হান্টাপাড়া, ধুমচিপাড়া, নাগাইশ্বরী ও কিলকোট চা-বাগানেও বকেয়া পাওনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে সংগঠনের দাবি।
গত ২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ PBCMS-এর। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অনুরাধা তলোয়ারের বক্তব্য, শ্রমিকদের আইনসিদ্ধ পাওনা নিয়ে আর কোনও আশ্বাস নয়, দ্রুত অর্থ পরিশোধই তাঁদের মূল দাবি। বকেয়া মজুরি, বোনাস, PF, ছুটির বেতন-সহ সমস্ত বিধিবদ্ধ পাওনা না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

Be the first to comment