রোজদিন ডেস্ক :
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার মহারাষ্ট্রর টেট পরীক্ষা স্থগিত হয়ে গেল।আগামীকাল এই পরীক্ষা হওয়ার কথা। আজ থানে জেলার ভিওয়ান্দি-তে পুলিশি অভিযানে বেশ কিছু প্রশ্নপত্র মেলে, এর সঙ্গে আসল প্রশ্নপত্রের হুবহু মিল আছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ আগামীকালের টেট পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
সূত্রের খবর, ভিওয়ান্দি-তে পুলিশ গোপন সূত্রে খবর পায়, বেশ কয়েকজনের কাছে আগামীকাল টেট পরীক্ষার প্রশ্নপত্র আছে। পুলিশ এর সত্যতা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট পরীক্ষা পর্ষদের প্রতিনিধিদের তলব করে। তাঁরা তা যাচাই এর পর পরীক্ষা পর্ষদ আগামীকালের টেট পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে।
পর্ষদ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দেয়, তাঁরা যেন কোন গুজবে কান না দেন। কবে টেট পরীক্ষা নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত মাসে সর্বভারতীয় নিট পরীক্ষা গ্রহণের পর এর প্রশ্নফাঁসের অভিযোগে তা বাতিল করা হয়। গত ২১ জুন ফের তা নেওয়া হয়েছে।
একের পর এক পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগে কংগ্রেস সহ বিরোধী রা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলেও কেন্দ্রের এতে কোন হেলদোল না থাকায় সারা দেশে ক্ষোভ ছড়িয়েছে।

Be the first to comment