রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর ৮১ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বাবার মৃত্যুর খবর এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছেন। কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে শিবু সোরেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন।
সোমবার সকালে এক্স হ্যান্ডেলে পিতার মৃত্যুর খবর দিয়ে শোক প্রকাশ করেন হেমন্ত। তিনি লেখেন, ‘শ্রদ্ধেয় দিশোম গুরুজি আজ আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেছি…’ হাসপাতালের তরফে এই বিষয়ে এক বিবৃতি জারি করে বলা হয়েছে যে, সকাল ৮টা ৫৬ মিনিটে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মৃত ঘোষণা করা হয়। কিডনির সমস্যায় ভুগছিলেন সোরেন। দেড় মাস আগে স্ট্রোক হয়েছিল তাঁর। প্রায় এক মাস ধরে লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন। আইসিইউতে চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন। সমস্ত রকম চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
উল্লেখ্য, গতকালই জানা গিয়েছিল শিবু সোরেনের শারীরিক অবস্থা অবনতির দিকে। এই খবর পেয়ে রবিবারই সস্ত্রীক দিল্লি পৌঁছান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা শিবুপুত্র হেমন্ত সোরেন। দলীয় সূত্রে জানা যায়, হেমন্তের সঙ্গে ছিলেন জেএমএমের বেশ কয়েক জন শীর্ষ নেতাও।

Be the first to comment