ভারত–পাক সংঘাত এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এই আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁদুরের পর ভারতের বিভিন্ন জায়গায় সন্দেহভাজন ড্রোন দেখতে পাওয়া গিয়েছে। প্রত্যেকটি ধ্বংস করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা। এবার এইরকমই সন্দেহভাজন ড্রোন দেখা গেল কলকাতার আকাশে। মঙ্গলবার মধ্যরাতে কলকাতার আকাশে দেখা যায় সন্দেহভাজন কয়েকটি ড্রোন। এই ড্রোনগুলি দেখতে পাওয়া গিয়েছে কলকাতার বড় বড় জনবহুল এলাকায়। জানা যায় বেশ কিছুক্ষণ ধরে এই ড্রোনগুলি কলকাতার হেস্টিংস , ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় চষে বেরিয়েছে। তবে ড্রোনগুলি কলকাতায় প্রবেশের মাত্রই সঙ্গে সঙ্গে তা খবর যায় সেনা বাহিনীর কাছে। এবং নজরে পড়ে কলকাতা পুলিশের।

কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানাকে সতর্ক করে লালবাজার। ড্রোনগুলির উপর শুরু হয় গোয়েন্দাদের নজরদারি। যদিও শেষ পর্যন্ত সবকটি ড্রোনই পালিয়ে যায় বলে লালবাজার সূত্রের খবর।
পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে মহেশতলা ও বেহালার দিক থেকে পর পর অন্তত আট থেকে দশটি ড্রোনকে আসতে দেখা যায়। সেগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি ঘরে। এর পর ড্রোনগুলি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে। এর পর বেশ কয়েকটি ড্রোন চলে যায় পার্ক সার্কাসের দিকে। আর কয়েকটি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে। হেস্টিংস থানার পুলিশই ড্রোনগুলিকে উড়তে দেখে লালবাজারকে খবর দেয়। এর পর সতর্ক করা হয় ময়দান–সহ অন‌্যান‌্য থানাগুলিকেও। যদিও রাতেই ড্রোনগুলি পালিয়ে যায়। তবে সেগুলি কোথায় পালিয়েছে তা জানার জন‌্য কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। কোনও ভিডিও করার চেষ্টা হয়েছিল কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। অন্তত ৪৫ মিনিট ধরে চলে এই ড্রোনের ঘোরাফেরা। তাই কি জন্য এই ড্রোন উড়তে দেখা যায় সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার থানা, সেনা ও বায়ুসেনা। এই বিষয়ে কেন্দ্র রিপোর্ট চেয়েছে কলকাতা পুলিশের কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*