রোজদিন ডেস্ক, কলকাতা:- সকাল থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকায় অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত অস্বস্তি কাটার কোনও লক্ষণ নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হতে পারে।শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পরে।
আগামী কয়েকদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ১৫ থেকে ১৮ মে পর্যন্ত ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। বিশেষত বিকেল ও সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কলকাতার বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।
তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির এই পালা চলবে বেশ কয়েকদিন। আগামী সপ্তাহের একেবারে শুরুর দিক পর্যন্ত এই ঝড় বৃষ্টির পালা দফায় দফায় চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। তারই জেরে তাপমাত্রা কমবে। শুক্রবার রাজ্যের কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,বাঁকুড়া,হুগলি —এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী শনিবার থেকে রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

Be the first to comment