রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৮ জন। বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬ জন।
সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। গতকাল, বৃহস্পতিবারই একদিনে সংক্রমণের সংখ্যা পেরিয়েছিল ১০০। গত রবিবার রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। যদিও সেই মহিলা একাধিক সমস্যায় ভুগছিলেন।
ইতিমধ্যেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বেসরকারি হাসপাতালগুলিতেও ভর্তি রয়েছেন বহু রোগী। বাইপাসধারের এক বেসরকারি হাসপাতালের সাত মাসের একটি শিশু চিকিৎসাধীন কোভিড আক্রান্ত হয়ে। নিউ আলিপুরেও দশ বছরের একটি শিশু কোভিড পজেটিভ।
যদিও পরিস্থিতির উপর কঠোর ভাবে নজর রেখেছে রাজ্য স্বাস্থ্য ভবন। তবে চিকিৎসকদের তরফে ভয় না-পেয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে।
রাজ্যের পাশাপাশি দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। এই মুহূর্তে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫৩৬৪ জন। সব থেকে বেশি সংক্রমণ কেরালায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৬৭৯ জন। এরপরই রয়েছে গুজরাত, সেখানে মোট সংক্রমণ ৬১৫। তারপরেই পশ্চিমবঙ্গ, মোট সংক্রমণ ৫৯৬। এরপর চতুর্থ রয়েছে দিল্লি, ৫৯২ জন আক্রান্ত। তারপরই রয়েছে মহারাষ্ট্র সেখানে সংক্রমণের সংখ্যা ৫৪৮। কেন্দ্রের তরফে প্রত্যেকটি রাজ্যের হাসপাতালগুলিকে গতকাল বৃহস্পতিবার মকড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Be the first to comment