এই মাসের শেষেই মিলতে পারে বকেয়া মহার্ঘ্য ভাতা, ৮০% ডিএ একাউন্টে আর ২০% জিপিএফে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে।
অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বকেয়া ডিএ(DA)নিয়ে রাজ্য সরকারের অন্দরে তৎপরতা তুঙ্গে রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকও করা হয়েছে। সেই বৈঠকে ডিএ মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে এবার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে।
রাজ্য সরকারের কর্মীদের মোট বকেয়া ডিএ-র পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা। তার ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা চলতি মাসে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। একাধিক সূত্র বলছে, এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে রাজ্য।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বকেয়া ডিএ কীভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে যে, কর্মরত কর্মীদের জন্য বকেয়া ডিএ-র ২৫ শতাংশের ৮০ শতাংশ সরাসরি কর্মীদের বেতনের অ্যাকাউন্টে জমা করা হবে। বাকি ২০ শতাংশ কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি তাদের ভবিষ্যতও সুরক্ষিত থাকবে।এবং পেনশনভোগীদের ও ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। তাদের ক্ষেত্রে পিএফ-এ টাকা জমার কোনো বিষয় থাকছে না।

এদিকে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে নির্দেশ দিয়েছেন, ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থের সঞ্চার করতে গিয়ে রাজ্যের সামাজিক প্রকল্পগুলিতে যাতে কোনও প্রভাব না পড়ে সেদিকে নজর রাখতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহেই রাজ্য সরকার ডিএ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাতে পারে বলে একাধিক সূত্রে দাবি করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*