দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নবান্নে টাঙানো হবে, সমস্ত মন্ত্রী বিধায়কদেরও ছবি টাঙানোর নির্দেশ মমতার, এলাকায় রথযাত্রা পালনেরও নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নবান্নে টাঙানো হবে। সোমবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের থেকে ছবি উপহার পেয়েই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, রাজ্যের মন্ত্রীদেরও নিজেদের দফতরে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি লাগাতে বললেন মমতা। মন্ত্রীদের পাশাপাশি, দলীয় বিধায়কদের একই বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, ২৭ জুন রথযাত্রার দিন সব বিধায়কদের নিজের এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবং সমস্ত বিধানসভা এলাকায় পালন করতে হবে রথযাত্রা মন্ত্রীসভার বৈঠক থেকে ডএমনি নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিধানসভায় ছিল মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকের আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে প্রায় ১৫-২০ মিনিট ছিলেন তিনি। সেই সময়ই মুখ্যমন্ত্রীর হাতে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি তুলে দেন স্পিকার। ছবি হাতে পেয়েই মুখ্যমন্ত্রী জানান, সেটি নবান্নে টাঙানো হবে। একই সঙ্গে মন্ত্রী এবং দলীয় বিধায়কদেরও দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নিজেদের দফতরে টাঙাতেও বলেন মমতা।
চলতি মাসেই রথযাত্রা। দিঘায় রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ দেবের মন্দিরে সাজো সাজো রব। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে দিঘায়। দিঘাতে এই বছর প্রথম রথযাত্রা বেরবে জগন্নাথ, বলরাম, শুভদ্রার। সেই যাত্রা নিয়ে মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থা তুঙ্গে। প্রশাসনও চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে মাসিরবাড়ি যাবেন। সেই মাসিরবাড়ি এলাকা সাজগোজের ব্যবস্থা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রথযাত্রার দিন দিঘায় থাকবেন। মুখ্যমন্ত্রী প্রথম সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টানবেন বলেই খবর। অনুমান করা হচ্ছে প্রথম বছরই, রথযাত্রার সময় দিঘায় প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত উপস্থিত হবেন। এই বিপুল জনসমাগম সামলাতে মুখ্যমন্ত্রী প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশও দিয়েছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৬ জুন মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছোবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*