রোজদিন ডেস্ক, কলকাতা:- আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার বিক্ষিপ্ত ভাবে কিছু জেলায় বৃষ্টি হলেও নাগাড়ে ভারী বৃষ্টি হয়নি। মঙ্গলবার সকাল থেকেই রোদের দেখা পাওয়া গিয়েছে। আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্র, শনি ও রবিবারও ওই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।

Be the first to comment