রোজদিন ডেস্ক, কলকাতা:- আগেই জানানো হয়েছিল চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। আজ বুধবার নবান্ন সভাগৃহে সেই ঘোষণায় সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাসের হিসাব অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। যতদিন না পর্যন্ত আদালতের পরবর্তী রায় আসছে, ততদিন তাঁরা এই ভাতা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে আপৎকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার মাসিক আর্থিক সহায়তা করবে, এ কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তা থেকেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ দেবে রাজ্য। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা।
জানা গেছে, যতদিন পর্যন্ত আদালতে মামলা চলছে, ঠিক ততদিন চাকরিহারা গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-দের বিশেষ স্কিমে ভাতা দেবে রাজ্য সরকার। এই নিয়ম কার্যকর হবে চলতি বছর ১ এপ্রিল থেকে। অর্থাৎ এপ্রিলের ১ তারিখ থেকে তাঁরা বেতন পাবেন। মূলত চাকরি হারাদের সংসারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রীসভার বৈঠকের পর জানানো হয়েছে।
অন্যদিকে, আজ বিকেলে নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাঁই! শ্রম দফতরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে, তার পোশাকি নাম ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম।’ এই প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের।’

Be the first to comment