রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতে রেলকে লাইফলাইন বলা হয়, কারণ এটি দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন যাতায়াতের সুযোগ করে দেয়। পশ্চিমবঙ্গও এর ব্যতিক্রম নয়। প্রতিদিন অসংখ্য মানুষ লোকাল ট্রেনে চড়ে তাঁদের গন্তব্যে পৌঁছন। তবে গ্রীষ্মের দাবদাহে এই ভ্রমণ যে কতটা কষ্টকর, তা শুধুমাত্র যাত্রীরাই অনুভব করতে পারেন।
এই পরিস্থিতির মাঝেই শোনা যাচ্ছে আশার খবর। সবকিছু ঠিক থাকলে ১ মাসের মধ্যেই রাজ্যে প্রথমবারের মতো এসি লোকাল ট্রেন চালু হতে পারে!
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই রেক তৈরি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি রেক শিয়ালদহে আসছে। এখন শুধু দিন ঘোষণার অপেক্ষা। হায়দরাবাদি সংস্থা মেধা থেকে আনা ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন মোটর দিয়ে চলা ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ছুটতে পারে। ট্রেনগুলি ১২ কামরার। প্রতিটি কামরা ভেস্টিবিউল দিয়ে সংযুক্ত। জিপিএস প্রযুক্তির পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে প্রতি কামরায়। প্রতি ট্রেন ৫২৮০ জন যাত্রী বহনে সক্ষম। যাত্রীর সঙ্গে থাকা মালপত্র রাখার জায়গা সাধারণ কামরার প্রায় ৩ গুণ বেশি।কিন্তু শিয়ালদহ ডিভিশন সূত্রে দাবি, এসি রেক চালানোর জন্য আলাদা পরিকাঠামো গড়তে হবে না। ২০২২ সালে রেল বোর্ডের কাছে চিঠি লিখে আপাতত একটি এসি লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তবে কোন রুটে চালানো হবে ওই ট্রেন বা ভাড়া কত হবে, তা এখনও ঠিক হয়নি।

Be the first to comment