তৃণমূলের প্রতিনিধি ঠিক করবে তৃণমূলই’, বললেন মমতা, বিদেশ নীতি নিয়ে কেন্দ্রের পাশে তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিশ্বের দরবারে প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের শশী থারুর থেকে এনসিপির সুপ্রিয়া সুলে, বিজেপির রবি শংকর প্রসাদ সহ একাধিক সাংসদরা থাকছেন এই প্রতিনিধি দলের সদস্য হিসেবে। কেন্দ্রের তরফে ইউসুফ পাঠানের নামের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, প্রতিনিধি দলের সদস্য হয়ে বিদেশ সফরে যাচ্ছেন না ইউসুফ! কেন? সে বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘তৃণমূলের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন? সেটা অন্য কেউ তো ঠিক করতে পারে না। এখানে কেন্দ্রের পছন্দ নয়, দলের সিদ্ধান্তই মুখ্য হওয়া উচিত। যদি তারা অনুরোধ করে তাহলে নিয়ম মোতাবেক দলই সিদ্ধান্ত নেবে। তবে বিদেশ বিষয়ক যেকোনও ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি।’
এরই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ‘সর্বদলীয় প্রতিনিধি দলে কাউকে না পাঠাতে চায়না তৃণমূল, এই যে একটা রটনা শুরু হয়েছে, তা একদম ভুল। বরং দল কাকে পাঠাতে চায়? তাঁর নাম চেয়ে কোনও অনুরোধ তৃণমূল কংগ্রেসের কাছে আসেনি।’
অন্যদিকে, ইউসুফের না যাওয়ার প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তৃণমূল প্রতিনিধি পাঠাতে আগ্রহী নয় একথা ঠিক নয়, তবে কাকে পাঠানো হবে তা দল ঠিক করবে। কেন্দ্র তা ঠিক করে দিতে পারে না। সে প্রসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, অভিষেকের কথার উত্তর দেওয়ার কোনও প্রয়োজন বোধ করি না। ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির ম্যানেজার। ও নিজের পরিচয় বলতে কী রয়েছে?’
প্রসঙ্গত, বিশ্ব দরবারে কেন্দ্রের তৈরি প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম থাকায়, বিষয়টি ভালো চোখে দেখেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল। কারণ তৃণমূলের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই ইউসুফের নাম ঘোষণা করে কেন্দ্র। যদিও মমতার কথায়, যদি দলের সঙ্গে আলোচনা করে কেন্দ্র কাউকে বেছে নিতে চায়, তাহলে তাঁকে পাঠাতে আপত্তি নেই ঘাসফুল শিবিরের কারুরই।
অন্যদিকে, এদিন আরও একবার মমতা এবং অভিষেক স্পষ্ট করেছেন, বিদেশনীতি নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতে নেবে সবেতেই তাদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*