রোজদিন ডেস্ক, কলকাতা:- কয়েকদিন আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট । যা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই এবার মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ মদন সহ মোট ৩ জনের বিরুদ্ধে এই রুল জারি করেছে।
কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা সিএসটিসির কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। সেই ট্রাস্টের চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, চাকরি থেকে রিটায়ারমেন্টের পরেও তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। অথচ অবসরের পর যাতে কর্মচারীরা সুবিধা পান, সেই জন্য প্রতি মাসে কর্মীদের মাইনের একটি অংশ কেটে নেওয়া হয়। এই নিয়ে ২০২৪ সালে উচ্চ আদালতে এই মামলা হয়।
গত বছর জুলাই মাসে প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু তা সত্ত্বেও টাকা না মেলায় ডিসেম্বর মাসে আদালত অবমাননার মামলা করা হয়। এরপর বেশ কয়েকবার মামলার শুনানি হয়েছে। গতকাল এই মামলার শুনানিতেই মদন সহ ৩ জনের বিরুদ্ধে রুল জারি করে আদালত।
সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় মদন, রাজ্যের অর্থ সচিব ও সিএসটিসির চিফ ম্যানেজিং ডিরেক্টরকে আগামী ৪ জুলাই কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মুখোপাধ্যায়।

Be the first to comment