নদীয়ার হরিণঘাটায় দলীয় কার্যালয় থেকে উদ্ধার তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রাকেশ পাড়ুই (৩২)-এর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে অবস্থিত দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ নির্দিষ্ট ভাবে বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, কাউন্সিলারের বাড়ির অদূরেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় অবস্থিত। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যান্য দিনের মতো দলীয় কর্মীরা কার্যালয়ে গিয়েছিলেন। সেই সময়েই তাঁরা কাউন্সিলারের ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় হরিণঘাটা থানায়। পুলিশ সেখানে পৌঁছে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। কী কারণে তিনি আত্মহত্যা করলেন? পারিবারিক ঝামেলা না কি অন্য কোনও কারণ। আত্মঘাতী হয়েছেন না কি অন্য কিছু রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*