প্রতিবেদন: বক্সা ব্যাঘ্র প্রকল্পে (Tiger Project) ফের বাঘের স্থায়ী বসতি গড়ে তোলার উদ্যোগে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য বন দপ্তর। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন বিহারের বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প থেকে একটি বাঘিনিকে হেলিকপ্টারে করে বক্সায় এনে ছাড়া হবে। ইতিমধ্যেই বাঘিনিকে চিহ্নিত করে সফল ভাবে তাকে উদ্ধার করেছেন বিহার ও পশ্চিমবঙ্গের বন দপ্তরের আধিকারিকেরা। তাদের সঙ্গে রয়েছেন জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা। বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানান, আবহাওয়া অনুকূল থাকলে হেলিকপ্টারেই বাঘিনীকে বক্সায় আনা হবে। দীর্ঘদিন ধরে আবাসস্থল উন্নয়ন, শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধি এবং বন ব্যবস্থাপনার মাধ্যমে বাঘ পুনর্বাসনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন বাঘিনির মাধ্যমে ভবিষ্যতে বংশবিস্তার ঘটিয়ে বক্সায় বাঘের সংখ্যা বাড়ানোই এখন তাদের লক্ষ্য।
বাঘ স্থানান্তরের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটন সম্পূর্ণ বন্ধ থাকবে। নিরাপত্তা ও স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে বাঘিনীকে বক্সায় আনা সম্ভব হবে কি না, সেটাও চিন্তায় রেখেছে দফতরকে। এদিকে বিহারের বাল্মীকী টাইগার রিজার্ভ ফরেস্টে থাকা ওই বাঘিনীকে অবশেষে কাবু করা সম্ভব হয়েছে। মঙ্গলবার বিকালে বন দফতরের দীর্ঘ চেষ্টার পর ঘুমপাড়ানি গুলির সাহায্যে বাঘিনীটিকে নিরাপদে কাবু করেন বনকর্মীরা। খাঁচাবন্দি বাঘিনীটিকে এবার উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হবে। সবরকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও সুরক্ষাবিধি মেনে আগামী ২ অক্টোবর বক্সার জঙ্গলে তাকে ছাড়া হবে। সব ঠিক থাকলে বুধবারই হেলিকপ্টারে করে তাকে আনা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Be the first to comment