প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে ফের বড় সাফল্য ভারতীয় সেনার। সেনার গুলিতে মৃত্যু হল শীর্ষস্থানীয় লস্কর জঙ্গি মুসা (Lashkar Leader Encounter)। মধ্য কাশ্মীরের বদগাঁও জেলার পাহাড়ি অঞ্চলে কিছু জঙ্গি ডেরা বেধেছে। গোপন সূত্র এই খবর পেতেই অভিযানে নামে সেনা। মঙ্গলবার সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলাকালীন ওই জঙ্গির মৃত্যু হয়। অনেক দিন ধরেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে ওই লস্কর জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সেনারা মধ্য কাশ্মীরের ইউসমার্গের কোরাগ এলাকায় বদগাঁওয়ে একটি অভিযান শুরু করেছিল। তখনই জওয়ানেরা ওই এলাকায় জঙ্গিদের কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ করে। শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করতেই পাল্টা জবাব দেয় সেনারা। বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। তখনই সেনার গুলিতে নিহত হয় লস্কর জঙ্গি সুলেমান শাহ ওরফে মুসা। একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল মুসার বিরুদ্ধে। এখনও অভিযান চলছে। তবে জঙ্গিদের ডেরা থেকে কোনও অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। এর আগে চলতি মাসের শুরুতে বদগাঁও এবং পুঞ্চ জেলার সীমানায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয় লস্কর-এ-তইবার কমান্ডার তথা কুখ্যাত জঙ্গি ইয়াসির। সে মুসার ঘনিষ্ঠ সহযোগী ছিল।

Be the first to comment